রেহানা জামান
কাউকে চিনি না এখানে
চারপাশে কারা আসে-যায়,
কারা কথা কয়,
খিলখিল হাসি দিয়ে জানালার পাশ কেটে কারা চলে যায়,
কারা গান গায় নিঝুম সন্ধ্যায়!
মধ্যরাতের নীরবতা ভেঙে শিশু কেঁদে ওঠে মহল্লার কোনো ঘরে
আমি ঐ শিশুটিকে দেখিনি
জানি দেখবো না কোনোদিন
ওর আধো-আধো স্বরে তবু মায়া বাড়ে।
একদিন রাস্তায়, হঠাৎ বৃষ্টি!
কে যেন মাথায় ছাতা ধরে
চমকে ফিরে দেখি, এক মধ্যবয়সী নারী
গা ঘেঁষে আমরা এক ছাতায় কিছু পথ হাঁটি
তারপর, সেই নারীকে আর কখনো দেখিনি।
যারা এসে ক্ষণিক চমকে দিয়ে চলে যায়
তাদের জন্যে কান পেতে রাখি
আমি চোখ পেতে রাখি
কিন্তু কেউ তারা ফিরে আসে না!