মাহাবুবা লাভীন
ধরো, আমাদের কোনো পরিচয় নেই
আমরা দু'জন অনেক দূরের কেউ
কোনদিন কেউ শ্বাস ছুঁইনি কারোর
চোখের ভেতর কেউ পুষিনি কারোর অভিমান
আঙুল ভাঁজে কেউ লিখিনি অন্যকারোর নাম
কেউ চিনি না কারোর পায়ের আওয়াজ
পাঁজর খুলে কেউ দেখিনি দুঃখ সেথায় কেমন
কেউ জানি না হস্তরেখায় কার কী লেখা আছে
ঠিক দু'জনের ভাগ্যরেখা কোন দিকে যে গেছে
তবু চলো একটা সকাল আমরা দু'জন একই সাথে হাঁটি
হাঁটতে হাঁটতে সকাল গড়াক, দুপুর গড়াক
গড়িয়ে বিকেল সন্ধ্যা নামুক
সন্ধ্যাটুকু মিলিয়ে গেলে রাতের কাছে থামি
আমরা দু'জন আকাশঢাকা তারার সাথে জাগি
তারার কাছে গড়িয়ে আসা সকাল নিয়ে বলি
দুপুর নিয়ে বলি
মিলিয়ে যাওয়া সন্ধ্যা নিয়ে বলি
তারার কাছে গোপন ব্যথার সবক'টা দোর খুলি
জানুক তারা আমরা নাহয় খুব অচেনা, ভিনদেশী দুই পাখি
আমরা তবু আজ এখানে একইসাথে আছি
এই এতটা এসেছি হেঁটে সঙ্গে করে বিশ্বাসী দুই আঁখি...