মনিরা মনি
সব সময় কি কাঁদতে হবে চোখে
গোপন দুঃখ না হয় কিছু থাকুক
ভাঙতে হবে কেন তাতেই রোজ
হাসির ছটা ঠোঁটেও কিছু রাখুক।
দুঃখ যেমন পুষতে পারো বুকে
তেমন করে তুমিও না হয় বাঁচো
তোমার চেয়েও ঢের ভালো নেই যারা
তাদের চেয়েও অনেক ভালো আছো।
সুখ-দুঃখ কেউ আসে কেউ যায়
সবই কিছু নিয়ম মেনে চলে
তোমার কেন একরকমই চাওয়া
বাঁচতে শেখো বাঁচার কৌশলে।
পথটা যদি একলা তোমার হয়
সঙ্গীবিহীন চলতে তুমি শেখো
বন্ধু তোমার না হয় মিলুক পথে
আকাশটাকে বন্ধু ভেবে দেখো।
নিজের জন্য বাঁচতে তুমি শেখো
হরহামেশা হতেই পারো একা
অন্ধকারও হতেই পারে সাথী
পথ দেখাবে দূরের আলোকরেখা।