সালেহ বিপ্লব
এক কাপ চা হবে, লক্ষ্মী?
বলেই জিবে কামড় দিলাম!
তবে তুমি নিস্পৃহ স্বরেই বললে, চিনি দেবো?
আস্কারা পেয়ে তড়বড় করে বলে ফেললাম, দুকাপই বানাও।
আমাকেও খেতে হবে?
কেনো নয়?
চাঁদের আলোটা বেশ,
জোরালো বাতাস।
দুজনে মিলেই চলো বসি বারান্দায়
চায়ের কাপে পাতা ঝরার শব্দ মেশাই।
নির্নিমেষ চেয়ে আছি, পাহাড়ে পাহাড়ে ভাসে চাঁদের কণা
বারান্দার সাদা টেবিলে দু’কাপ চা এনে রাখলে।
দেখি কাঁধের ওপর রেখেছো ভাঁজ করা শাল, আমার।
বললে, বাতাসটায় ঠাণ্ডা ভাব, তাই নিয়ে এলাম শালটা।
ভ্রুকুটি করেই বললাম, তো তোমারটা?
তোমার কি ঠাণ্ডা লাগে না?
মুখ টিপে হাসলে।
তারপর বললে, তোমায় শালে জড়াবো।
আর আমি থাকবো গুটিসুটি মেরে তোমার বুক পকেটে।
