দুপুর মিত্র
ল্যাম্পপোস্ট সারারাত জেগে থাকে, আলো জ্বলে, পোকারা এসে ভিড় করে তার নিচে।
জেগে জেগে দেখে অন্ধকার কতখানি গাঢ় হয়।
কোন ঘরে গভীর রাতে অসুখ ঢুকে।
জেগে থাকে কারণ সে জানে কোন কোন রাতে কাউকে কাউকে বেরিয়ে পড়তে হয়, আর তার পথে জ্বালাতে হয় আলো।
সারারাত যে পাখি কাঁদে, কুয়াশার গানে ঘুমিয়ে পড়ে শহর জানে না, শুধু ল্যাম্পপোস্ট জানে কে তাকে কাঁদালো।