সুমন শামসুদ্দিন
আজ আমার চপিন-সন্ধ্যা।
পিয়ানো টিউনে, চোখ বন্ধ করে চপিন শুনছি সি মাইনরে।
আজ আমার চপিন-সন্ধ্যা,
পিয়ানো টিউনে, সি মাইনরে,
চোখ বন্ধ করে চপিন শুনছি।
গত বর্ষায় ঠিক এ সময়ে,
বিথোভেন-এর ফার এলিস ছিল,
রাতভর জোছনা-সারথি।
তারপর তুমি সাড়া দিলে ভুল বাতাসে,
ফার এলিসও বিরহ বাঁশির গলায়,
বিধুরতার কণ্ঠাভরণ পরালো!
তারপর, আহত ময়ূর আর মেলেনি পেখম,
নিরাভরণ রাত ভুলেছে মোযার্ট কিংবা ভিভালদি!
চেরি ব্লোসম আর ফিরলো না কোনো এপ্রিলে!
এখনো আমি ফার এলিসের অপেক্ষায় আছি!
দূর থেকে যদি ভেসে আসো কখনো-
তোমার দুচোখেই হবে আবার-
বিথোভেন সন্ধ্যা!