মনিরা মনি
গল্পটা তোমার বা আমার নয়,আমাদের
কফি শপে বা তুমুল আড্ডায় আসর, মদের
সন্ধ্যে ছুঁয়েছে বিষাদ আড্ডা শেষে তোমাকে ভেবে
বিষণ্ন মেঘ বুকের ভিতর কিছুটা ভাগ কি নেবে?
আমি বা আমরা কখনই আমাদের নই
আমার ভেতর খরা, আমাদের নিরন্তর হইচই
আমাদের কখনই ভাঙিনি, সহাবস্থানে চিরদিন
কোন এক জলোচ্ছ্বাসে ভাঙনের দুর্দিন।
তারপর থেকেই এই আমি একা চলতে শিখি
ভুল শব্দে, ভুল বানানে আমার একাকিত্ব লিখি
আমরা কখন আমি হই বুঝিনি
তুমুল দুর্ভিক্ষের সময়েও নত হতে শিখিনি।
এই মিছে ভালো আছি ভেবে
আঁচল ছুঁয়ে কেউ কি ক্লান্তি মুছে দেবে?
চোখ রাখিনি ফোন বেজেছে কার
স্ক্রিনের ভেতর মেঘের জমাট অন্ধকার।