অরণ্য আপন
আমি শ্রমিক, ফুলের গন্ধেও আমার মরণ হতে পারে
মজুরি না হলে
আগুন লাগতে পারে পানির আকাশেও
যদি বিনা কারণে ছাঁটাইয়ের কথা বলে
গোলাপকেও আমি কবর দিতে পারি
প্রভুকেও আকাশ থেকে নামাতে পারি
মজুরি না হলে
হাতকড়া পড়তে পারে স্বাধীনতার হাতে
যদি বিনা কারণে ছাঁটাইয়ের কথা বলে
গরুর মতো মুখ খুলতে পারে তোমাদের শোক
মুখোশ খুলে দিতে পারে তোমরা কেমন লোক
এই মাটি আর স্থির থাকবে না
আকাশ আর আকাশে রবে না
মজুরি না হলে
আমি শ্রমিক, ফুলের গন্ধেও আমার মরণ হতে পারে
লিখতে হতে পারে কুকুরের পিঠে কুকুর, শুয়োরের পিঠে শুয়োর, মানুষের পিঠে মানুষ
যদি বিনা কারণে ছাঁটাইয়ের কথা বলে
দিনের আলো নষ্ট হয়ে যাবে
রাতের পর আবার সন্ধ্যা পাবে
মজুরি না হলে
আমি শ্রমিক, ফুলের গন্ধেও আমার মরণ হতে পারে।
