- মনোয়ারা স্মৃতি
নষ্ট সময় চিরে চিরে কোনো এক রাতে
বেহুলার এক জীবন দুঃখ উড়িয়ে দিয়ে
সুখ কিনতে চেয়েছি একশত জোনাকির কাছে।
মহুয়ায় মাতাল জোনাকিরাও ফেরারি বহুকাল আগে,
পাশাপাশি থেকেও টের পাইনি ঘুনাক্ষরে।
বর্ষা এলো এলো ব'লে তীর্থের যাত্রীর উচ্ছ্বাসে,
কদমকলি ফুটি ফুটি করে উঁকি দেয়
আমার পুরানো জানালার ওই পাশে।
হাত বাড়িয়ে ছুঁইনি পাছে
বর্ষার আগেই ঝরে যায় বিনা বাতাসে।
সরে এসেছি আপন আঁধারে
ভয়ের গরু গুটায় যেমন সিঁদুরে মেঘের আভাসে।
মঙ্গা এলাকার হাহাকারের মতো শুষ্ক হৃদয় আর
বেহুলার এক জীবন দুঃখ লয়ে,
কোন পয়মন্ত সময়ের অধীর প্রতিক্ষায়
বহুকাল ধরে গুম হয়ে আছি শামুকের খোলসে।
