রেহানা জামান
চলে যাবার অধিকার শুধুই কি তোমার?
আমিও চলে যেতে পারি ;
সবকিছু ছেড়ে-ছুড়ে,
এক পলক পেছনে না-ফিরে,
ক্ষণিক না-থেমে
নিঃশব্দে আমিও চলে যেতে পারি
আমিও চলে যাচ্ছি।
আমার এ পথ তোমার পথের একেবারে বিপরীতে
পৃথিবীর সমস্ত বৈপরীত্য বিরাজমান এখানে
একটাও পরিচিত মুখ নেই,
পরিচিত শব্দ নেই
চারপাশে শুধু পাথরের শীতলতা, শূন্যতা
এই সুদূর শূন্যতার ভাঁজে ধীরে ধীরে আমিও মিশে যাচ্ছি।
চলে যাবার অধিকার আমারও আছে
এক মায়াহীন, মোহহীন পথে আমারও যাত্রা শুরু হয়েছে!