মনোয়ারা স্মৃতি
সূর্যের কাছে একমুঠো রোদ চেয়েছি শুধুই
সূর্যমুখী ফলনের প্রত্যাশায়।
অথচ মনেই ছিল না, আমি যে এক ভূমিহীন মজদুর।
তারপর পুরোদস্তুর যাযাবর,
সহস্রাব্দ ধরে হাঁটা হলো অনেক পথ।
চেনা গলি পেরিয়ে অচেনা ফুটনোটহীন কত মফস্বল...
সুসভ্য গ্রিক হয়ে সমৃদ্ধির প্যারিস অতঃপর আলেকজান্দ্রিয়া বাতিঘর ।
বেলা অবেলার কালবেলা পেরিয়ে দেখি মগজে তহুরা।
জীবনের গুমোট বাতাবরণ শরীর থেকে শুষে নিয়েছে সবটুকু ক্লোরোফিল।
জানা হলো, দেখা হলো পৃথিবীপ্রান্তে ঐশ্বর্য্যের নেফারতিতি।
শুধু পেরুইনি বুকের সমুদ্র,
দেখিনি নিজের ভেতরের শূন্যের শহর।