বেনজির শিকদার
শীতের শেষে ফাগুন আভায় হলদে মুখখানি
মাঘের ঘাটে বাসন্তীফুল; হাওয়ার কানাকানি;
মুহুর্মুহু সমুদ্র-সাধ ছন্দকাতর আঁখি;
পাখায় মেখে পথের শিশির দেখছে বেভুল-পাখি!
ভোরের নেশায় সেই পাখিটি ইচ্ছে-গন্ধ মেখে
যায় উড়ে যায় দূর অজানায় স্পর্শস্মৃতি রেখে!
দায়ের দহে হৃদ-নিভৃতে বোধের নদী ভাঙে;
অশান্ত মন শান্তি খোঁজে অতল-ডুবের গাঙে!
জলের সাথে মুখোমুখি উষ্ণকাঙাল শীতে
আকাশ-বাতাস কৌতূহলী প্রণয় কাব্যগীতে;
হাতের রেখায় লেখা বুঝি রংবিলাসী খেলা
বিধুর লগন আড়চোখে চায় বিষণ্ণ একেলা।
ভুবনহাটে হরেক সাধের অলীক স্বপ্ন এঁকে
সোনার কাঠি রুপার কাঠির ইন্দ্রজালে ঢেকে;
কে যে কোথায় যাচ্ছে চলে পথের অন্তরালে
উড়াল-চোখে স্থিতি-সোপান সুপ্ত রংমশালে!
রং ছড়িয়ে মন এঁকে যায় মন ছড়িয়ে দেনা
প্রণয়ঘাটে নৌকো ভেড়ে, অলীক লেনাদেনা।
জল-জোছনায় উষ্ণ তুফান ঢেউয়ের মাতামাতি
নিজের হাতেই হাতটি রেখো কেউ কারও নয় সাথী!
তবু কোথাও ওড়ার তৃষায় দাগ রয়ে যায় ভ্রমে
শিশির যেথায় বিক্ষত হয় আরাধ্যজল জমে।
বেলা যখন অস্তে গড়ায় পায়ের কাছে আসি
হলুদবরণ মন-মুনিয়ার মোহন রূপে ভাসি!
বেভুল পাখির ডানায় দেখি সন্ধ্যাছোঁয়া আলো
কানের কাছে কেউ বলে যায়- থেকো কিন্তু ভালো!
থেকো তুমি নিত্যপথে চিত্তে জ্বেলে মায়া
যায় যদি ওই বেভুল উড়ে পাখায় নিয়ে ছায়া!
