নিঘাত কারিম
স্থির করে দিয়ে যাও সব স্থবির সময়
ঠিক এই সময় একা থাকতে চাই আমি
বেদনার ইতিবৃত্তে সঞ্চিত যতো বঞ্চনার ইতিহাস
থমকে যাওয়া ক্ষণে নাহয় থাকুক সংগোপনে।
রুদ্ধবাক এক প্রাজ্ঞের মতো একা হতে চাই
সমস্ত মালিন্য মুছে ফেলে মূক বধির
আমি আমার আমিত্বকে আপনার করে
একাকী সময়কে উপভোগ করতে চাই একান্তে।
যেনো এই ধরাভূমিতে এই মুহূর্তে
আমার কোথাও কেউ নেই, কিছু নেই, নির্বাক, নিঃস্ব,
অন্তরাগের নিলীমায় নীল নিরুত্তাপ আমি
অতীতকে দূরে ঠেলে বর্তমানের এই মুহূর্ত হোক বিমূর্ত।
জন্মাবধি সবই তো দিয়েছি অন্যকে বিলিয়ে!
আজ না হয় হয়ে যাই অনবয়ব, অনসূয়া
এবার শুধু একটু সময় দাও, ফিরিয়ে দিও না
বোধহীন নির্বাক সুষুপ্তি দাও এই নিগুঢ় বিলাসিনীরে।