নিঘাত কারিম
দিনান্তের বিষন্নতা
এই মায়াবী রাতে
মুখোমুখি চাঁদ আর চকোর।
ওরা আমাকে বলে
একটি ক্ষয়ে যাওয়া নক্ষত্রের জন্য
কেন কাঁদ তুমি?
মেঘে ঢাকে আকাশ
একরাশ কুয়াশার ছাই ঝরে পড়ে
দুগ্ধ ধবল চাদরে জড়ানো বিবমিষা।
ওরা শুধুই বলে
একটি হারিয়ে যাওয়া নক্ষত্রের জন্য
কেন কাঁদ তুমি?
বাড়ছে রাত্রি
উন্মত্ত অধীর ঝিঁঝির ডাক
নিশীথ প্রেতাপ্তার হাহাকার।
ওরা এসে বলে
একটি ঝরে পড়া নক্ষত্রের জন্য
কেন কাঁদ তুমি?