রেহানা জামান
কিছু শূন্যতা বয়ে বেড়ানোই ভালো
জীবনের সব শূন্যতা পূরণ হয়ে গেলে আত্মা মরে যায়, অনুভূতি মরে যায়, প্রতীক্ষা মরে যায়।
আমি তোমার শূন্যতাকে তোমার মতোই লালন করি,
সাজিয়ে রাখি স্বযত্নে চোখের সামনে।
কিছু ব্যথা ঘুমিয়ে থাকুক পাঁজরের ভাঁজে
মাঝে মাঝে জেগে উঠুক আলতো করে
অথবা ভীষণ জোরে
ব্যথাদের ঝাঁকুনিতেই আমিও যে আজও জেগে আছি
না-হলে কবেই ঘুমিয়ে পড়তাম তোমার মতো আলগোছে!
কিছু শূন্যতা রয়ে যাক স্বগর্বে মাথা উঁচু করে,
কিছু ব্যথা ঘুমিয়ে থাকুক শিশুর মতো আদরে,
কিছু প্রতীক্ষা আজীবন রয়ে যাক তুমি ফিরবে না জেনেও।