মাহবুবা লাভিন
পোকাদের জীবন
পোকাদের জীবনে আছি
সম্মুখের আলোর দিকে ছুটি
অথচ, কী ভয়ানক আলোকফাঁদ
যেন মরিবার তরে উড়ে যায়
আমাদের স্বপ্নের পাখা দুটি।
সন্ধি
বৃষ্টি ছুঁলে তোমার জ্বর হয়, উত্তাপ বাড়ে,
জানার পর থেকেই বৃষ্টি হতে চাই
করি মেঘের সাথে সন্ধি
মেঘ বলে, তার কিছু করার নেই তেমন,
সে যে বাতাসের খেয়ালে বন্দি।
বৃষ্টি ও জ্বর
জ্বরের নেশায় বৃষ্টি ছুঁয়েছিলাম
জ্বর হলে কী যে ভালো লাগে
জ্বর হলে কেউ কপাল ছুঁয়ে দেখে
জলপট্টি দিতে দিতে গভীর করে চোখের দিকে তাকায়
গোপন কথা বলে
গরম শ্বাসের ভাঁজ খুলে কেউ বিশ্বাসী শ্বাস দেয়
জ্বর হলে কী যে ভালো লাগে!
তাই
জ্বরের নেশায় বৃষ্টি ছুঁয়েছিলাম।